মনোবল
দাঁড়িয়ে ছিলাম রাস্তাসহ একা,হঠাৎ তোমার দেখা
ভুলে গেছি পথের মাঝেই পথ, পুরোটা অদেখা
জগৎ জুড়েই মহাবিশ্বে কেউ, তুলছে মনের ঢেউ
সেই পথে আজ লিখছি হাজার লেখা
অনন্ত সুখ নিজের ভেতর দুঃখ কষ্ট এক
আমার লেখায় কেঁপে ওঠে কেন আমারই আবেগ?
আবেগের কোলাহল দেখে না অস্তাচল
জীবন পুড়িয়ে জনম কিনেছি, কিনেছি যে মনোবল!
নারী
কারো চোখ দেয়ালে কখনো বা খেয়ালে
দূর থেকে ডেকে বলে আয়!
নারীদের কি হবে? মসনদ পেলে তবে
ঘরে থেকে কে কতটা হবে অসহায়!
এ কেমন স্বাধীনতা, হায়?
চোখ বুজে; দেখি নিরালায়।।
বৃষ্টি দেখে ছাতা ধরো, কৃষ্টি বুঝে হাল
মিষ্টি মধুর কথার মাঝে লুকানো জঞ্জাল।
জেগে ওঠার সময় হলে ডাকবে মহাকাল।।
আড়ালে যেই মুখ লুকাবে বুঝবে ন্যায় অন্যায়?
এ কেমন স্বাধীনতা, হায়?
চোখ বুজে; দেখি নিরালায়!
নারীর শক্তি মুক্তির পথে, বন্দিজীবনে নয়
এমন সত্য বুঝতে পেলেই ভাঙব অনিশ্চয়।।
নিশ্চয়তা কেউ দিবে না, আদায় করতে হবে
ঘোমটা খুলে আবারও যদি রাস্তায় আসো সবে
আর কতকাল সইবে জ্বালা একাকী নীরবে।।
নারীর মুক্তি ঘরে থাকা নয়, বুঝবে কি তার দায়?
এ কেমন স্বাধীনতা, হায়!
চোখ বুজে; দেখি নিরালায়!