স্টাফ রিপোর্টার: ২০২৫ সালে দেশে নানাবিধ সহিংসতার দিক বিবেচনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হয়েছে। বিশেষত শিশু ও নারীর প্রতি সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন এবং নিজেদের তথ্যানুসন্ধানের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
২০২৫ সালে কমপক্ষে ২ হাজার ৪৭ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ৮২৮ জন ধর্ষণের শিকার হয়েছেন, এর মধ্যে ৪৭৪ জন ১৮ বছরের কম বয়সী/শিশু। এছাড়া ১৭৯ জন নারী ও কন্যা শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৮ জনকে। এসব ঘটনায় আত্মহত্যা করেছেন ১০ জন নারী।
৪১৪ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তন্মধ্যে শিশু ২৩৬ জন। যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত ৩৫ জন (আত্মহত্যা-৪) ও আহত ৩২ জন। তাছাড়া পারিবারিক সহিংসতায় ৩৮৩ জন (আত্মহত্যা ১৯৪ জন) নিহত ও আহত ১৩৩ জন। অ্যাসিড সহিংসতায় শিকার হয়ে নিহত দুজন এবং আহত দুজন।
রিপোর্টার্স২৪/ধ্রুব