| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈশ্বিক মঞ্চে ডা. ফাহিমা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ০৬:২৪:৪৩:পূর্বাহ্ন  |  ১২১২১৭৩ বার পঠিত
মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈশ্বিক মঞ্চে ডা. ফাহিমা

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবাকে প্রযুক্তির আলোয় নতুন রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে আজ ১৯ নভেম্বর, ২০২৫ কানাডার টরন্টোতে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘ই-মেন্টাল হেলথ ইন্টারন্যাশনাল কংগ্রেস ২০২৫’। ওয়েস্টিন হারবার ক্যাসল কনফারেন্স সেন্টারের হল ভর্তি হয়ে গেছে বিশ্বের নামকরা মনোরোগ বিশেষজ্ঞ, গবেষক আর প্রযুক্তি উদ্ভাবকদের পদচারণায়।

এবারের মূল আলোচনা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি কীভাবে মানসিক স্বাস্থ্যসেবাকে সবার হাতের মুঠোয় এনে দিতে পারে। eMHIC-এর প্রধান নির্বাহী আনিল থাপালিয়াল বলেছেন, প্রযুক্তি এখন শুধু সরঞ্জাম নয়, এটা মানুষের মনের সঙ্গী হয়ে উঠছে।

এই বৈশ্বিক আসরে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন কানাডা-প্রবাসী চিকিৎসক ও উদ্যোক্তা ডা. ফাহিমা মুস্তানযিদ। ক্রিয়েটিভ থিংকিং স্কুল ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা তিনি আজ তাঁর উদ্ভাবিত ‘সিঙ্গেল প্যারেন্টিং অ্যাপ’-এর ধারণা তুলে ধরবেন। অ্যাপটি একক অভিভাবকদের সন্তানদের জ্ঞানীয় বিকাশ ও আবেগীয় স্থিতিশীলতা বাড়াতে এআই-চালিত কোচিং আর গেমিফাইড বন্ধন-মজবুতকরণ কার্যক্রম নিয়ে কাজ করে।  

ডা. ফাহিমা বলেন, “বিশ্বে ৩২ কোটির বেশি শিশু একজন অভিভাবকের কাছে বড় হচ্ছে। তাদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ আর আত্মবিশ্বাসের ঘাটতি অনেক বেশি। আমি চাই, আমার অ্যাপটা তাদের পাশে দাঁড়াক— যেন কেউ একা না থাকে।”

সম্মেলনে এসেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ ড. স্টিভেন পার্কার, অস্ট্রেলিয়ার প্রফেসর এমা লারসন, নিউজিল্যান্ডের ড. পিটার হ্যামিলটন এবং যুক্তরাজ্যের ডিজিটাল মেন্টাল হেলথ গবেষক প্রফেসর অ্যান্ড্রু গ্রিনশ’। তাঁরা আলোচনা করছেন এআই থেরাপি, ভার্চুয়াল রিয়েলিটি কাউন্সেলিং, চ্যাটবট-ভিত্তিক সহায়তা এবং নিম্নআয়ের দেশগুলোতে সাশ্রয়ী মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পথ নিয়ে।

আয়োজকদের আশা, এই সম্মেলন থেকেই জন্ম নেবে একটি বিশ্বব্যাপী মেন্টাল হেলথ অ্যালায়েন্স, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে অর্ধেক বিশ্বের মানুষকে ডিজিটাল মাধ্যমে প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া।

ডা. ফাহিমা বললেন, “বাংলাদেশের মেয়ে হয়ে আজ বিশ্বের এত বড় মঞ্চে দাঁড়িয়ে নিজের উদ্ভাবন তুলে ধরছি— এর চেয়ে গর্বের আর কী হতে পারে? আমি চাই, আমাদের দেশের তরুণরাও বিশ্বাস করুক— স্বপ্ন দেখলে তা সত্যি হয়।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪