সিটি গোল্ড
স্বপ্নের মতো মেয়েটি উদয়াস্ত বিপণী বিতানে
বিক্রি করে চলে মেকি সোনার গহনা।
ঝকমক করে চকচক করে চমকায় ঠিক
বাল্যশিক্ষার পাঠ চকচক করিলে সোনা হয় না...
সহসাই ফিকে হয়ে যাবে পানির প্রলেপ
তবু আমাদের প্রয়োজন সোনালি এমনই রং।
এক টুকরো মুক্তোর হাসি লাগিয়ে রেখে
সারাক্ষণ ড্রাই লিপস্টিকের শুকনো ঠোঁটে
দিনদিন কেমন মলিন হয়ে যাচ্ছে,
স্ফটিক কাচের ওপাশে স্বপ্নের মতো সোনার মেয়েটি...
নখ মরে যাচ্ছে
কখন কোথায় কবে কার দুয়ার কপাটে
লেগেছিলো এমন চোট আঙুলের নখে
মনে নেই কার দুয়ারে ব্যথা হয়েছিলো সঙ্গী।
তীব্র কষ্ট খুব, রক্ত জমে নীল হয়েছিলো কিছুদিন -
কেবলই শুধু এই ত্বক মনে আছে
একে একে বন্ধ হয়ে যাচ্ছিলো সকল দুয়ারের কপাট
ফিরে ফিরে যাচ্ছে আমার মুখ -
আমার চোখ, আমার হাতের স্পর্শ।
এখন দেখি কালো হয়ে আঙ্গুলের নখ যাচ্ছে মরে...