| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভ্যাটিকানে পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯৭৫০২৫ বার পঠিত
ভ্যাটিকানে পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে
ছবির ক্যাপশন: ভ্যাটিকানে পোপ নির্বাচনের সমাবেশ শুরু ৭ মে

কালাম আজাদ, বিশেষ প্রতিবেদক, ইতালি : পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের সমাবেশ শুরু হচ্ছে ৭ মে। এই সমাবেশের মাধ্যমে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু নতুন পোপ নির্বাচন করবেন কার্ডিনালরা। ওই গোপন সমাবেশে (কনক্লেভ) পরবর্তী পোপ নির্বাচনের জন্য বিশ্বজুড়ে প্রায় ১৩৫ জন রোমান ক্যাথলিক কার্ডিনাল অংশ নেবেন। 


জানা গেছে, ৭ মে সমাবেশ শুরু হবে সিস্টিন চ্যাপেলে। পরবর্তী পোপ নির্বাচন করতে কত সময় লাগবে, তার কোনও নির্দিষ্ট সময়সূচি নেই। তবে আগের ২০০৫ ও ২০১৩ সালে অনুষ্ঠিত দুটি সমাবেশ মাত্র দু’দিন স্থায়ী হয়েছিলো। 


ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেন, কার্ডিনালরা প্রথমে সেন্ট পিটার্স বসিলিকায় এক মহাসমারোহে অংশ নেবেন। এরপর ভোটদানে যোগ্যরা সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালটে ভোট দেবেন।


কার্ডিনালরা একবার সিস্টিন চ্যাপেলে প্রবেশ করলে, নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত বাইরের বিশ্বের সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারবেন না।


সমাবেশের প্রথম বিকেলে কেবল এক দফা ভোটগ্রহণ হবে। এরপর প্রতিদিন সর্বোচ্চ চারবার ভোট হবে। নতুন পোপ নির্বাচনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। ফলে এতে সময় লাগে।


প্রতিটি কার্ডিনাল একটি সরল কার্ডে ভোট প্রদান করেন, যেখানে ল্যাটিন ভাষায় লেখা থাকে, আমি সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে নির্বাচিত করছি। এরপর তাঁরা তাদের নির্বাচিত প্রার্থীর নাম লেখেন।


সমাবেশের তৃতীয় দিন শেষ হওয়ার পরও যদি কোনও সিদ্ধান্তে পৌঁছানো না যায়, তাহলে কার্ডিনালরা একদিনের জন্য প্রার্থনায় বিরতি নিতে পারেন।


সিস্টিন চ্যাপেলের বাইরে বিশ্বজনতা চিমনি থেকে বের হওয়া ধোঁয়ার দিকে নজর রাখেন। যদি কালো ধোঁয়া দেখা যায়, তার মানে আরেক দফায় ভোটগ্রহণ হবে। আর সাদা ধোঁয়া দেখা গেলে বোঝা যাবে, নতুন পোপ নির্বাচিত হয়েছেন।


২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। ২৬ এপ্রিল রাজনীতিক ও রাজপরিবারের সদস্যসহ হাজার হাজার শোকাহত মানুষ সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মোলোনি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিরা।


২৭ এপ্রিল পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, একটি সাদা গোলাপ একটি পাথরের ওপর রাখা, যেখানে তাঁর পন্টিফিকেটকালে ব্যবহৃত নাম খোদাই করা, আর তার ঠিক ওপরে একটি ক্রস উজ্জ্বল আলোয় আলোকিত হচ্ছে।


উল্লেখ করা যেতে পারে, ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমের অত্তাবিয়ানো এলাকায় অবস্থিত। এটি একটি স্বতন্ত্র দেশ। এখানে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ বসবাস করেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪