রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ডিসেম্বর মাসে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।’
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ও তাঁর দল যে তাণ্ডব চালিয়েছে, সেই ইতিহাস ও স্মৃতি জাদুঘরের মাধ্যমে জীবন্ত রাখতে চান তাঁরা। প্রদর্শনীতে বিভিন্ন স্মৃতিচিহ্নের মধ্য দিয়ে সেই সময়ের ঘটনা এবং নির্যাতনের চিত্র তুলে ধরা হবে।
তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই। কিন্তু উনি না শুধু, উনার এই পার্টি এই বাংলাদেশে কী করে গেছে? কী পরিমাণ ডিজাস্টার চালিয়ে গেছে, প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি ধারাবাহিকভাবে সজীব ও সতেজ রাখতে চান তাঁরা। ভবিষ্যৎ প্রজন্ম যেন গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সেই সময়ের ঘটনাগুলো জানতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে এই পার্টি, শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। গায়ের জোরের কিছু না। জনগণ যাতে রিজেক্ট করে। সো আমরা এ ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো রাজনৈতিক শক্তিকে জোর প্রয়োগের মাধ্যমে নয়, বরং জনগণের সচেতন সিদ্ধান্ত ও প্রত্যাখ্যানের মধ্য দিয়েই রাজনৈতিকভাবে মূল্যায়ন করা উচিত। এ ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের কষ্ট ও আত্মত্যাগের কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, প্রত্যেক শহীদ পরিবারের বেদনা ও হাহাকার একই রকম। প্রতিটি পরিবারই প্রিয়জন হারানোর অসহনীয় কষ্ট বয়ে বেড়াচ্ছে।
তিনি বলেন, যেসব পরিবার তাঁদের সন্তান হারিয়েছে, তাদের প্রত্যেকের বেদনা গভীর। পরিবারের অন্য সন্তানদের মধ্যে একজনকে হারানোর শোকও কোনোভাবেই কম নয়। শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তাঁদের পরিবারের আত্মত্যাগকে যথাযথভাবে স্মরণ করা প্রয়োজন।
বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে জাহেদ উর রহমান বলেন, বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থেকে দীর্ঘ ১৮ বছরে দেশের নির্বাচনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল।
তিনি অভিযোগ করেন, ওই সময়ে কখনো বিনা ভোটে, আবার কখনো রাতের ভোট কিংবা দিনের ভোট কেটে ক্ষমতায় থাকার ঘটনা ঘটেছে। এভাবে জনগণের ভোটাধিকার ও নির্বাচনব্যবস্থাকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল।
তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের এসব রাজনৈতিক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকটের পরিণতিই ছিল জুলাই গণঅভ্যুত্থান। জনগণের অধিকার হরণ এবং নির্বাচনব্যবস্থার ওপর আস্থাহীনতা থেকেই শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি, তাঁদের আত্মত্যাগ এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।
রিপোর্টার্স২৪/ঝুম