রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জনগণের গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ কার্যকর করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা ও গণরায়কে উপেক্ষা করে জাতীয় ঐক্যের উদ্যোগ কখনোই সফল হতে পারে না। বরং গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদ কার্যকরের মধ্য দিয়েই জাতীয় ঐক্যের শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব। অন্যথায় দেশে নতুন করে রাজনৈতিক বিভাজন, অবিশ্বাস ও অনিশ্চয়তা দেখা দিতে পারে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ কেবল সরকার পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করেনি। বরং রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তনের প্রত্যাশা নিয়েই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই সরকার গঠনের জন্য নির্বাচন এবং রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের উদ্দেশ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল।
তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকেই সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়নে সরকারের অনীহা জাতীয় ঐক্যের পথে বাধা সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সংবিধান সংশোধনের জন্য নতুন কমিটি গঠনের সরকারি উদ্যোগের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে দীর্ঘ সাত মাস ধরে ৩৭টি রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আলোচনা করেছে। এসব আলোচনায় বিভিন্ন মতামত, প্রস্তাব ও সিদ্ধান্ত উঠে এসেছে। সেগুলোর ভিত্তিতেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া উচিত।
তিনি বলেন, এত দীর্ঘ আলোচনা ও জাতীয় ঐকমত্যের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন করে আরেকটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা তিনি দেখেন না। বরং আগে যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সংবিধান সংশোধন এবং রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে জনগণের অভিপ্রায় ও আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্রকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব। অন্যদিকে সংবিধান সংশোধনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হওয়ার সুযোগ থেকে যায়।
তিনি বলেন, সংসদ ও আদালতের মধ্যে নতুন করে কোনো ধরনের বিরোধ, জটিলতা কিংবা অস্পষ্টতা তৈরি হোক, তা জামায়াতে ইসলামী চায় না। এ কারণেই দলটি গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের দেওয়া ম্যান্ডেট যথাযথভাবে কার্যকর করাই এখন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে আর কোনো বিলম্ব করা উচিত নয়। জাতীয় ঐকমত্যের ভিত্তিকে শক্তিশালী করতে হলে জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, গণভোটের রায় কার্যকর করা হলে সেই ঐক্য নতুন করে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। কিন্তু জনগণের মূল দাবি উপেক্ষা করে কেবল সংলাপ কিংবা জাতীয় ঐক্যের উদ্যোগ নিলে তা দীর্ঘস্থায়ী হবে না।
তার মতে, জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা হলে তার সুযোগ নিতে পারে অতীতের ফ্যাসিবাদী শক্তি। তারা আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার চেষ্টা করতে পারে। তাই জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারের বাস্তবায়ন।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীতের রাজনীতিতে আর ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের প্রবণতা বাড়ছে বলে তিনি মনে করেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পরিবর্তনের অভিযোগ তুলে ধরেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই দলীয় প্রভাবের অধীন করা উচিত নয়। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হতে হবে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে। রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় আনুগত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং এর নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যৎ প্রজন্মের ওপর।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল একটি মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। যেখানে ব্যক্তির দলীয় পরিচয় নয়, বরং তার যোগ্যতা, দক্ষতা ও মেধাই হবে মূল্যায়নের প্রধান মাপকাঠি। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা সেই প্রত্যাশা পূরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামী প্রতিবাদ ও আপত্তি জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, চাঁদাবাজি, দখল বাণিজ্য, কমিশন বাণিজ্য, হত্যাকাণ্ড, মাদক এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা জনজীবনে অস্থিরতা তৈরি করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি এবং তরুণ সমাজের মধ্যে মাদকাসক্তির বিস্তার রোধে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে শুধু বক্তব্য বা আশ্বাস দিলে চলবে না। অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বাত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সংলাপে অংশ নেওয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর কোনো দলীয় স্বার্থ নেই। তারা জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনায় অংশ নিতে চায়।
তিনি বলেন, জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ পরিচ্ছন্ন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার কেন্দ্রে থাকা প্রয়োজন।
ডা. শফিকুর রহমানের মতে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা নয়, বরং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোই হওয়া উচিত ঐক্যের প্রধান লক্ষ্য।
দেশের দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ ক্রমেই চাপে পড়ছে।
এ পরিস্থিতির জন্য শুধু অতীতের সরকার কিংবা আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রতিবেশী একটি দেশের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে হুমকিমূলক বক্তব্যের প্রসঙ্গ তুলে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে চায়। তবে বন্ধুত্ব কখনো একতরফা হতে পারে না। এর ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও দায়িত্বশীল আচরণ।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত এবং জনগণের নিরাপত্তার প্রশ্নে সরকারকে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বিভেদ, সংঘাত ও রাজনৈতিক বিরোধ পেছনে ফেলে ভবিষ্যৎ নির্মাণে মনোযোগী হতে হবে।
তরুণ ও যুবসমাজকে নেতৃত্বের জায়গায় এগিয়ে আসতে হবে। তাদের অংশগ্রহণের মধ্য দিয়েই একটি মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। নতুন প্রজন্মের চিন্তা, মেধা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শুধু কোনো একটি বাহিনীর পক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের সীমান্ত, মানুষের জীবন, সম্পদ ও অধিকার সুরক্ষিত রাখা সম্ভব।
বিদেশের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি সংসদে উপস্থাপন এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি কেবল সরকারের একক বিষয় নয়। এসব চুক্তির সঙ্গে দেশের ভবিষ্যৎ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ গভীরভাবে জড়িত। তাই বিদেশের সঙ্গে কোনো চুক্তি সম্পাদনের আগে কিংবা পরে দেশের জনগণের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা জরুরি।
কোনো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ কী পাচ্ছে এবং দেশের পক্ষ থেকে কী ধরনের ছাড় দেওয়া হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। এ কারণে বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো সংসদে উপস্থাপন, বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে দাবি জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জনগণের অধিকার, গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর পুনরায় গুরুত্বারোপ করেন। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি এবং একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
রিপোর্টার্স২৪/ঝুম