বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত বিএনপি সমর্থিত আতাউর রহমান আতা–আব্দুল ওহাব প্যানেল পূর্ণ প্যানেলে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এ বিজয়ে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে এই বিজয় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আইনজীবী সমাজের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সুস্পষ্ট প্রতিফলন। এ সাফল্যের মধ্য দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও প্রত্যাশা আরও বেড়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বগুড়ার আইন অঙ্গনের ঐতিহ্য, পেশাগত মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে নবনির্বাচিত নেতারা ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল ওহাবের সুযোগ্য নেতৃত্বে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদী।
এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে নির্বাচিত করায় সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।
রিপোর্টার্স২৪/রাফিদ