রিপোর্টার্স২৪ ডেস্ক: সাভারে দিনেদুপুরে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
তিনি আরও বলেন, লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি গণমাধ্যমের কাছে দাবি করেছেন, মোটরসাইকেলে করে আসা কয়েকজন বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যান।
তবে সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, বাসটি গত দুই দিন ধরে ওই স্থানে পার্কিং করে রাখা ছিল। বাসটি গ্যাসচালিত বলে ধারণা করা হচ্ছে। রোদের প্রখর তাপে বাসটিতে আগুন ধরে যেতে পারে।
কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়।
রিপোর্টার্স২৪/ঝুম