উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। এতে জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়ছেন স্বজনরা। এরই মধ্যে সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ার পর এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হানিফ হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। তবে চালক না থাকায় হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়নি। এর পরই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির একমাত্র অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যান। এরপর থেকেই বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। সরেজমিনে হাসপাতালের নতুন ভবনের গ্যারেজে অ্যাম্বুলেন্সটি পড়ে থাকতে দেখা গেছে।
সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় জরুরি রোগীদের অন্য হাসপাতালে নিতে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে স্বজনদের। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময়মতো রোগী স্থানান্তর নিয়ে উদ্বেগ ও ভোগান্তিতে পড়ছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাকিব বলেন, অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ায় সেবাটি বন্ধ রয়েছে। বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া হাসপাতালের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।
স্থানীয়দের দাবি, জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত অ্যাম্বুলেন্সচালক নিয়োগ দিয়ে সরকারি অ্যাম্বুলেন্স সেবা চালু করা প্রয়োজন।
রিপোর্টার্স২৪/রাফিদ