মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে থানায় যেন মানুষ এসে একটি সুন্দর আচরণ পায়। সেবাপ্রার্থী যারা থানায় আসবেন তাদের যে কাঙ্খিত সেবা সেটি যেন দ্রুততার সাথে পৌছে দেওয়া হয়। আমরা প্রতিটি থানাকে একটি সেবাকেন্দ্রে রুপান্তরিত করতে চাই। থানায় এসে মানুষ যেন নির্বিঘ্নে,নির্ভয়ে তার সমস্যার কথা, অভিযোগের কথা বলতে পারে সেই পরিবেশ আমরা প্রতিটি থানায় নিশ্চিত করতে চাই।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জেলায় মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং সমস্যা নিয়ে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের কোন দৌরাত্ম সহ্য করা বা তাদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক, অনলাইন জুয়া এবং অন্যান্য যে অপরাধ আছে সেসব অপরাধের মতই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা সমানভাবে আমাদের অভিযান চালিয়ে যাব। কেউ যদি সালিসের নামে মানুষকে নির্যাতন করে, মানুষের আইনি সেবার যে অধিকার সেই সেবা থেকে কেউ মানুষকে বঞ্চিত করবে এটা আমরা কোনভাবেই মেনে নেব না। এই ধরণের ঘটনা যদি এই জেলায় থেকে থাকে তাহলে তা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা তৃণমূল পর্যায়ে মানুষের সাথে মিলেমিশে কাজ করে। যেকারণে তাদের অনেক তথ্যই সবার আগে পেয়ে থাকে। তাই আমরা আপনাদের যে শক্তি সেই শক্তি আমরা কাজে লাগাতে চাই। আমরা আপনাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে চাই। সবাই মিলে একসাথে কাজ করে আমরা সুরক্ষিত ও নিরাপদ একটি মেহেরপুর গড়তে চাই।
সাংবাদিকরা এলাকার অনলাইন জুঁয়া, চুরি,মাদক সমস্যা, চোরাচালান, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নবাগত পুলিশ সুপার এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হওয়ার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আতিকুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব