নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া, নিলক্ষা ও বাঁশগাড়ি চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।
অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, SRB ও ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, নিলক্ষা চরাঞ্চলে পুলিশের চিহ্নিত সন্ত্রাসীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সেখানে কাউকে আটক করা যায়নি। চরমধুয়া সীমান্ত পয়েন্টে নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের স্থানেও অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটার কোনো যন্ত্রপাতি কিংবা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
এ ছাড়া চরমধুয়া ও বাঁশগাড়ি চরাঞ্চলে মাটি কাটার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে অধিকাংশ বাড়িঘর তালাবদ্ধ পাওয়া যায়।
অভিযান চলাকালে তিনটি চরাঞ্চলে নারী ও শিশু ছাড়া কোনো পুরুষের উপস্থিতি দেখা যায়নি। দোকানপাটও বন্ধ ছিল। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল বলে অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানসংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনে গভীর রাতেও অভিযান পরিচালনা করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম