এন্টারটেইনমেন্ট ডেস্ক: কোটি রুপির ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ভারতের সুপ্রিম কোর্টের কড়া তিরস্কারের মুখে পড়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পাওনাদারদের ৫ কোটি রুপি পরিশোধ করতে না পারায় শুনানিতে তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে আদালত মন্তব্য করেন, ‘জেলই আপনার যোগ্য জায়গা।’
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বরের শুনানিতে রাজপাল যাদবকে ৫ অক্টোবরের মধ্যে বকেয়া ৫ কোটি রুপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও পুরো অর্থ পরিশোধ করতে পারেননি অভিনেতা। এ কারণে ৫ অক্টোবরের শুনানিতে ফের আদালতের মুখোমুখি হতে হয় তাকে।
বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। এদিন রাজপাল যাদবের আইনজীবী আদালতে ৫০ লাখ রুপির একটি ডিমান্ড ড্রাফট জমা দেন।
আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, অর্থটি ব্যাংকিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে আদালতের আগের নির্দেশ অনুযায়ী পুরো ৫ কোটি রুপি জমা না হওয়ায় বিচারপতিরা এতে সন্তুষ্ট হননি।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী রাজপালের আচরণ নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, পাওনাদাররা অভিনেতার চেয়ে আর্থিকভাবে সচ্ছল হতে পারেন, কিন্তু তাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গের কারণে তারাই ক্ষতির মুখে পড়েছেন।
অভিনেতার বক্তব্য ও আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বলেন, কখন কথা বলতে হয়, সেটি তার জানা উচিত। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জেলই তার জন্য উপযুক্ত জায়গা।
এর আগে গত সেপ্টেম্বরের শুনানিতেও আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন না করায় রাজপাল যাদবের প্রতি অসন্তোষ জানিয়েছিল সংশ্লিষ্ট বেঞ্চ। বারবার আদালতের নির্দেশের পরও অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় মামলাটি আরও জটিল হয়ে উঠেছে।
এই বিরোধের সূত্রপাত ২০১০ সালে। ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য দিল্লিভিত্তিক প্রতিষ্ঠান ‘মুরালি প্রজেক্টস’-এর কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রত্যাশা পূরণ করতে না পারায় সেই ঋণ পরিশোধ করতে পারেননি তিনি।
পরে পাওনা অর্থ আদায়ে আদালতের দ্বারস্থ হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে চলা সেই মামলাতেই এবার সুপ্রিম কোর্টের কঠোর অবস্থানের মুখে পড়েছেন অভিনেতা।
রিপোর্টার্স২৪/ধ্রুব