নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।
অভিযুক্ত জাকির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে চাঁদনী হাউজিং এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন। রোববার রাতে শিশুটিকে একা পেয়ে জাকির তাকে একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে বাড়িটির সামনে শতাধিক নারী-পুরুষ জড়ো হন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরবর্তীতে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত জাকিরকে ঘর থেকে বের করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার মধ্য থেকে তাকে লক্ষ্য করে ইটের টুকরা ছোড়া হয়। এ সময় একটি ইটের আঘাত ওসি মাহাবুব আলমের মাথায় লাগে। পরে তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘জাকিরকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় উত্তেজিত জনতার মধ্য থেকে আসামিকে লক্ষ্য করে ইটের টুকরা ছোড়া হয়। এতেই আমার মাথায় ইটের আঘাত লাগে। পরে অভিযুক্তকে ঘর থেকে বের করে থানায় নিয়ে আসা হয়।’
ওসি আরও বলেন, "রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।"
রিপোর্টার্স২৪/ধ্রুব