রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়া সরকারি কর্মকর্তা/কর্মচারী আবাসন প্রকল্পের (পশ্চিম গেট) ডি-১ টাইপ কলোনির ১ নম্বর ভবনে এক মর্মান্তিক লিফট দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ অক্টোবর) ফজরের নামাজ শেষে ভবনে ওঠার সময় লিফটের সবকটি তার ছিঁড়ে বিকট শব্দে তা নিচে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় ভবনের একজন শিশুসহ দুজন বাসিন্দা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর/পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে, আহতদের একজনের পা থেকে মাংস সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী তাদের শরীরে রক্ত দেওয়া হয়েছে।
নিটোর-এর কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আঘাত এতটাই গুরুতর যে দুজনের পা-ই আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে।
উল্লেখ্য, হতাহতদের পরিবার ও এলাকাবাসী আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পুরোনো বা ঝুঁকিপূর্ণ এই লিফটগুলোর রক্ষণাবেক্ষণ নিয়ে এরই মধ্যে বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম