ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় একটি বিদ্যুৎকেন্দ্রে হুথিরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জোটটি। তাদের দাবি, গত মঙ্গলবার মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়।
তবে সৌদি নেতৃত্বাধীন জোটের এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হুথিরা। তাদের দাবি, মদিনায় হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর আগে পবিত্র নগরী মক্কায় হামলার চেষ্টা চালানোর অভিযোগও হুথিদের বিরুদ্ধে এনেছিল সৌদি আরব। সে অভিযোগও ‘ঘৃণ্য মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মদিনায় যে বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে, সেখান থেকেই মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় বিদ্যুৎকেন্দ্রটির একটি ট্রান্সফর্মার অকেজো হয়ে গেলেও মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে তারা।
জোটটি আরও দাবি করেছে, হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছে যে, এ হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে হুথিরাই জড়িত।
তবে হুথিদের পক্ষ থেকে এ অভিযোগও অস্বীকার করা হয়েছে। বার্তাসংস্থা সাবাকে দেওয়া এক বক্তব্যে গোষ্ঠীটির একটি সূত্র দাবি করেন, মদিনায় হামলার অভিযোগও সৌদি আরবের ‘মিথ্যা প্রচারণার’ অংশ। তার দাবি, মক্কায় হামলার অভিযোগ এনে তা প্রমাণে ব্যর্থ হওয়ার পর এখন মদিনাকে ঘিরে নতুন অভিযোগ সামনে এনেছে সৌদি কর্তৃপক্ষ।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযোগ, হুথিরা পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীকে লক্ষ্য করে হামলা চালাতে চায়। মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনাকে তারা সেই পরিকল্পনারই অংশ হিসেবে দেখছে।
জোটটির দাবি, পবিত্র দুই মসজিদকে ঘিরে এ ধরনের হামলার মাধ্যমে হুথিরা মুসলিম বিশ্বের মধ্যে উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তবে পবিত্র স্থান দুটির নিরাপত্তা নিশ্চিত করতে তারা ‘যে কোনো মূল্যে’ প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি জোটের দাবি এবং হুথিদের পাল্টা বক্তব্য দুই পক্ষই নিজেদের অবস্থানের পক্ষে ভিন্ন ভিন্ন দাবি করেছে।
সূত্র: আলজাজিরা
রিপোর্টার্স২৪/ঝুম