স্টাফ রিপোর্টার: রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান বাবুল রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম খান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
শুনানিতে আনোয়ার জাহিদ ভূঁইয়া বলেন, ‘নিউ গিনি প্রপার্টিজ ভূমিদস্যু। তারা চলাচলের রাস্তাও দখল করে নেয়। এটি একটি পরিকল্পিত মামলা।
এ মামলায় তাকে চার নম্বর আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, পারভেজ নামের একজনের পকেট থেকে ৭ হাজার টাকা নিয়ে গেছেন। তিনি একজন সাবেক মেজর জেনারেল। মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করছি।’
আবুল কালাম খান বলেন, ‘আজকের আসামি ঘটনাস্থলে ছিলেন না। তিনি মিরপুর সরকারি ডেন্টাল কলেজের ছাত্রদলের জিএস ছিলেন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে কর্মরত। তার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করছি।’
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক গোলাম মহিউদ্দিন চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
একই মামলায় জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমান, শাহ আলম ও শাহরিয়ার মাহমুদকেও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করতে গিয়ে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব