ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের দেওয়া ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আগের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি মুছে ফেলার কাজ শুরু হয়। পরে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার দাবি উঠেছিল। একপর্যায়ে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে সেখানে নতুন নাম লিখে দেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)ও নাম পরিবর্তনের দাবি জানায়।
গত জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়। তবে ওই সুপারিশের চূড়ান্ত অনুমোদন হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নথিতে হলটির নাম পরিবর্তন হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ নামের কোনো অনুমোদন দেওয়া হয়নি। তাই হল প্রশাসন আগের নামটি পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে।
এদিকে হলের প্রধান ফটকে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম যুক্ত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ডাকসু। এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘গত সিনেটে স্থাপনাগুলোর নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব