বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তাব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান ও যশোর পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে আসেন।
পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কর্মকাণ্ড, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. রুহুল আমিন, ইমিগ্রেশন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট, ইমিগ্রেশন ও বন্দরের শেডগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বেনাপোল স্থলবন্দর ত্যাগ করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব