রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের খাতে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ভিসার কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের যেসব ব্যাংক হিসাবধারী এখনো কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে ভিসা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে কাজ করতে চায়। একই সঙ্গে দেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি সহযোগিতা করতে আগ্রহী।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসার আগ্রহের কথা জানান স্টিফেন কার্পিন।
সাক্ষাতে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ করতে বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। এর মধ্যে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সেবায় ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশেও অবদান রাখতে ভিসা আগ্রহী বলে জানান স্টিফেন কার্পিন। একই সঙ্গে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা শক্তিশালী করতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভিসার মতো বৈশ্বিক প্রযুক্তি ও আর্থিক সেবা প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করলে দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম