হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রকাশ্যে মারধর ও অপমানের শিকার হয়ে রাজিব (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।
নিহত রাজিব উপজেলার চর বিশ্বনাথপুর গ্রামের হালিম উদ্দিন ও সেলিমা দম্পতির ছেলে। তিনি ঢাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন এবং পরিবার তাকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৯ জুলাই সকালে রাজিব বাড়ির কাছের একটি দোকানে যাওয়ার পথে অভিযুক্তরা তার পথরোধ করে। পরে তাকে ‘মাদকসেবী’ অপবাদ দিয়ে একটি মেহগনি গাছের সঙ্গে বেঁধে লাঠি, জুতা ও কিল-ঘুষি দিয়ে মারধর করা হয়। মারধরের সময় অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আত্মহত্যা করার তাগিদ দেয়।
স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এরপর ওই দিন দুপুরের পর যেকোনো সময় তিনি নিজ কক্ষে গামছা দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা সেলিমার দাবি, থানায় মামলা করতে গেলে পুলিশ শুধু অপমৃত্যুর মামলা গ্রহণ করে। পরে তিনি বাধ্য হয়ে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ ৩০৬/৩৪ ধারায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—একই গ্রামের ফারুক মিয়া, উজ্জ্বল মিয়া, জজ মিয়া, কফিল ও আনন্দ। আদালত মামলাটি আমলে নিয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব