স্টাফ রিপোর্টার: রাজধানীর বারিধারায় বাসভবনে শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এর পর থেকে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তথ্যে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বারিধারার পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানা যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব