কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বীরোচিত ভূমিকা পালনকারী শহিদ পরিবার ও বীর যোদ্ধাদের সম্মাননা দিয়েছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে ‘৪ জুলাই কাপাসিয়াকে ফ্যাসিস্টমুক্ত’ করার স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান ১৮ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ জাকির হোসেন ও শহিদ এম এ হোসেনের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ও সাবেক যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন। এতে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলাই যোদ্ধা আজগর হোসেন খান, জুলাই যোদ্ধা প্রভাষক শামীমা চৌধুরী সিমুসহ অনেকে।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্তের আন্দোলনস্থলকে ‘জুলাই চত্বর’ হিসেবে ঘোষণা এবং সেখানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে শাহ রিয়াজুল হান্নান বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের মূল দাবি ছিল বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং মেধার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করা। কিন্তু তৎকালীন সরকার সেই দাবি মেনে না নিয়ে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন চালায়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এটি বাংলাদেশের জনগণের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস করা হবে না।”
শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়াবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে। তিনি ‘জুলাই চত্বর’ ঘোষণার বিষয়ে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন দেওয়ার কথা জানান।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ফলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে। তবে স্থানীয়ভাবে যারা সাংবাদিক পরিচয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিরোধিতা করেছেন, তাদের বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পরে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ