রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে তিনি জানান।
রোববার (২১ জুন) শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা সই হতে পারে। এর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল।
তিনি আরও জানান, সফরকালে তিস্তা প্রকল্পসহ দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পরে সোমবার তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে যাবেন।
পররাষ্ট্র সচিব বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
তিনি জানান, দুই সফরেই প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। মালয়েশিয়া ও চীন সফরে সফরসঙ্গীর সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
পররাষ্ট্র সচিবের মতে, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র জানায়, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
চীন সফরের অংশ হিসেবে তিনি লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’এর ১৭তম বার্ষিক সম্মেলন (সামার দাভোস ফোরাম)-এ অংশ নেবেন। ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশ নেবেন।
ফোরামে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
সফরের মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম