রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে সেখানে সক্রিয় অপরাধীদের নির্মূল করা হবে।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে বদ্ধপরিকর। এলাকাটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে এনে অপরাধী চক্রকে নির্মূল করা হবে।
তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বর্তমান সরকার অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে। সরকারের বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে সাধারণ মানুষের নজরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দেশটির সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।
তিনি আরও বলেন, একসময় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কিন্তু বর্তমানে পুলিশ তাদের সক্ষমতা ও কার্যকারিতা পুনরুদ্ধার করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।
আওয়ামী লীগের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না, এটি একটি মাফিয়া সংগঠন। তিনি জানান, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে যেকোনো ধরনের তৎপরতা মোকাবিলায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম