কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইনছের আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা দায়েরের একদিনের মাথায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ জুন) রাতে ভুক্তভোগীর বাবা রুস্তম আলী বাদী হয়ে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলর পর জয়পুরহাট জেলা পুলিশের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় রোববার (১৪ জুন) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকা থেকে মামলার প্রধান আসামি ইনছের আলীকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন ক্ষেতলাল উপজেলার মাটিহাঁস গ্রামের ঝাপড়াপুকুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে কৌশলে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ভুক্তভোগীর মামা আবুল কাসেম ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত পালিয়ে যান।
ঘটনার পর তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ মামলা রুজু করে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি ইনছের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।”
মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ মিতু