স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন মরক্কোর অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি।
সংবাদ সম্মেলনে হাকিমি বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হলেও তাদের ভয় পায় না মরক্কো। বরং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকার দলটি।
তিনি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তবে আমরা কাউকে ভয় পাই না। বিশ্বকাপে আমরা আগেও দেখিয়েছি, যে কোনো দলের বিপক্ষে সমানতালে লড়াই করার সামর্থ্য আমাদের আছে। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, ম্যাচটি জেতাও।’
২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কোর আত্মবিশ্বাসের জায়গাটিও তুলে ধরেন হাকিমি। তার ভাষায়, বিশ্বকাপের সেই সাফল্য দেশটির ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং দলের খেলোয়াড়দের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস তৈরি করেছে।
মরোক্কান এই ডিফেন্ডার বলেন, ‘সমর্থকরাই আমাদের দ্বাদশ খেলোয়াড়। তাদের অকুণ্ঠ সমর্থন আমাদের বাড়তি শক্তি জোগায়। ব্রাজিলের বিপক্ষে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব এবং সমর্থকদের আরেকটি স্মরণীয় রাত উপহার দেওয়ার চেষ্টা করব।’
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
রিপোর্টার্স২৪/এসসি