নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভূমি দখলের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে হাসিনা বানু নামে এক নারীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তাঁর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নিয়ে হাসিনা বানু প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন।
অভিযোগ রয়েছে, মানববন্ধনের পর শুক্রবার সকালে আব্দুল মতিন মণ্ডলের সমর্থক হিসেবে পরিচিত জুয়েল, টিপু, রোমজান, আঞ্জুমান, শাহনাজ ও মনেক্কা নামে কয়েকজন হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া প্রয়োগ করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় হাসিনা বানুর স্বামী বাবর আলী বাধা দিতে গেলে তাকেও মারধর করে আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিনা বানু ও তাঁর স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
হাসিনা বানু বলেন, “আমি মানববন্ধনে সত্য ঘটনা তুলে ধরেছি। এর প্রতিশোধ নিতেই আমার ওপর হামলা ও নির্যাতন চালানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে হাসিনা বানুকে উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে নির্যাতনের কিছু আলামত পাওয়া গেছে। তবে তাঁর বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।”
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে ঘটনার প্রতিবাদে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে অভিযোগ অস্বীকার করে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দলের একটি অংশ পরিকল্পিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে। এটি সেই ষড়যন্ত্রেরই অংশ।”
রিপোর্টার্স২৪/ মিতু