রিপোর্টার্স২৪ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রস্তাবিত বাজেটে মদ, সিগারেট ও বিলাসপণ্যের ওপর কর বৃদ্ধি করায় বিরোধী দল অসন্তুষ্ট হয়ে আন্দোলন করছে। তবে নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে কর কমানোর বিষয়টি তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে।
শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মদ-সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বাড়ানোর কারণে বিরোধী দল চরমভাবে নাখোশ হয়েছে। তারা বাজেট প্রত্যাখ্যান করে মিছিল-সমাবেশ করছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যে কর কমানো হয়েছে এ কথা তারা কোথাও বলছে না। এতে বোঝা যায়, সাধারণ মানুষের চেয়ে বিশেষ কিছু শ্রেণির স্বার্থই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিরোধী দলের অযৌক্তিক সমালোচনায় সরকার গুরুত্ব দিচ্ছে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, প্রত্যন্ত অঞ্চলের জমিকে আবাদযোগ্য করে তোলা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশকে স্বাবলম্বী করা সরকারের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাস করে। দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে কৃষক এবং নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, দরিদ্র কৃষকদের চাষাবাদ অব্যাহত রাখতে কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে জনগণকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।
পথসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ও সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় অর্ধশতাব্দী আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলী খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন। সময়ের ব্যবধানে খালটি নাব্যতা হারানোর পাশাপাশি দখলের শিকার হয়। পুনঃখননের ফলে আবারও কৃষিকাজে এর সুফল পাওয়া যাবে।
তিনি বলেন, সারা দেশে ৪০ হাজার মিটার খাল পুনঃখনন করা গেলে চাষাবাদের সুযোগ আরও বাড়বে। কৃষক লাভবান হলে দেশ লাভবান হবে এবং এর মধ্য দিয়েই স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/এসসি