গাজীপুর প্রতিনিধি: 'মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি' এই শ্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় মাদকাসক্তদের অত্যাচার ও ক্রমবর্ধমান অপরাধের প্রতিবাদে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঘাগটিয়া ইউনিয়নবাসি ও ছাত্র-যুবসমাজের আয়োজনে শুক্রবার (১২ জুন) বিকেলে ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি স্থানীয় ঘাগটিয়া চালা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাকারিয়া কাজী লিমনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: মারফত মিয়া, ইউনিয়ন জামায়াতের আমির মো: ইমতিয়াজ আহমেদ বকুল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: বিল্লাল হোসেন ইমনসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। এছাড়াও মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সকলের সহযোগিতা কামনা করেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।