সিনিয়র রিপোর্টার: রাজধানীর হাতিরঝিল থানাধীন মোল্লা টাওয়ার এলাকার সামনে গুলিবিদ্ধ হয়েছেন রামপুরা-হাতিরঝিল এলাকার কথিত শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর কারাগার থেকে মুক্তি পান কাইল্যা পলাশ। এরপর থেকে তিনি মোল্লা টাওয়ার এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন।
শুক্রবার দুপুরে বাসার সামনে অবস্থানকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
রিপোর্টার্স২৪/এসসি