সিনিয়র রিপোর্টার: আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট চালুর জন্য হাতে খুব বেশি সময় নেই। তাই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ নিয়ে এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগের সরকারের সময় থেকে এ খাতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। তবে বিষয়টি বিভিন্ন আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে এবং বিদ্যমান চুক্তিগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়লেও সেই তুলনায় বিতরণ ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে উৎপাদন ও সঞ্চালনে সমস্যা না থাকলেও অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
মন্ত্রী আরও বলেন, আগের সরকার বিদ্যুৎ খাতের ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে প্রায় প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব ছিল।
অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপনের কারণে অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ খাতের মূল সংকট এখন বিতরণ ব্যবস্থায়। এ সমস্যা সমাধানের উপায় নিয়ে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি