রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের জন্য দেশে পৌঁছেই বাংলাদেশ ও ভারতের সম্মিলিত শক্তির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দুই দেশের জনগণ ও প্রতিভার সমন্বয় হলে তা বিশ্বপরিসরে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে বিবেচনা করলে তা দাঁড়ায় ১৬০ কোটিতে। দুটি গণতান্ত্রিক দেশের এই সম্মিলিত শক্তি বিশ্বে একটি বড় জনশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এজন্য দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হওয়া প্রয়োজন।
তিনি বলেন, “একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে, সেটাই আসল শক্তি। সেই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে।”
নতুন ভারতীয় হাইকমিশনার জানান, দুই দেশের প্রতিভা ও সম্পদ কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে আলোচিত সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যু এবং ভ্রমণ ও বাণিজ্যে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ একই আকাশ-বাতাস ভাগাভাগি করে। দুই দেশের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে সে ধরনের পদক্ষেপই নেওয়া হবে।
বাংলাদেশে প্রবেশের সময় নোম্যান্সল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন এবং বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।
গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিককে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে পাঠানো হয়েছে।
তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিপোর্টার্স২৪/এসসি