শেরপুর প্রতিনিধি: ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মধ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেখা গেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে পুরো একটি যাত্রীবাহী বাসকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছেন।
নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে স্থান পেয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিশাল প্রতিকৃতি। দূর থেকে দেখলে বাসটিকে আর্জেন্টিনা দলের জার্সির নকশায় তৈরি বলে মনে হয়। তবে দেশের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে বাসটির মাঝামাঝি অংশে বাংলাদেশের পতাকা সংযুক্ত করে বড় করে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।
ব্যতিক্রমী এ উদ্যোগ ইতোমধ্যে নালিতাবাড়ীসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাসটি সড়কে চলাচল শুরু করার পর থেকেই পথচারী, যাত্রী ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছে। অনেকেই বাসটির সঙ্গে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছেন।
মাকসিম ট্রাভেলসের বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায় এবং রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর উদ্দেশে যাত্রা করে। প্রথমবারের মতো কোনো যাত্রীবাহী বাসকে পুরোপুরি একটি ফুটবল দলের রঙে সাজানো হওয়ায় সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে বিশেষ আগ্রহ।
আর্জেন্টিনা সমর্থক মো. মনির মাদবর বলেন, “পছন্দের দলের পতাকা লাগানো বা বাড়িঘর রঙ করার ঘটনা প্রায়ই দেখা যায়। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো এই প্রথম দেখলাম। বিষয়টি সত্যিই ভালো লেগেছে।”
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিক বিপ্লব দে কেটু বলেন, “ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। জীবনে অনেক ধরনের সমর্থন দেখেছি, কিন্তু একটি বাসকে এভাবে আর্জেন্টিনার রঙে রাঙাতে আগে দেখিনি। বাসে মেসির ছবি দেখে মন ভরে গেছে।”
সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, “বিশ্বকাপের আগমনী বার্তায় যখন ফুটবলপ্রেমীরা নিজেদের মতো করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে ব্যস্ত, তখন নালিতাবাড়ীর এই আর্জেন্টিনা-থিমের বাসটি স্থানীয়দের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে।”
গাড়িটির মালিক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবল উৎসবের আমেজ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছি। তবে আর্জেন্টিনার রঙে বাস সাজালেও সবার আগে বাংলাদেশ।”
রিপোর্টার্স২৪/এসএন