সোহেল ইমাম রাতিন, কুড়িগ্রাম: একসময় পরিবেশ দূষণ ও দুর্গন্ধের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হিমেরকুটি গ্রামের তহুরা পোল্ট্রি ফার্ম আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ফার্মটি চালু থাকাকালে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। এতে শিশু, নারী ও বয়স্কদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে আগে খামারটির কার্যক্রম বন্ধ করা হয়েছিল।
কিন্তু সম্প্রতি নতুন করে ফার্মটি চালুর প্রস্তুতি শুরু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, গতকাল খামারে একদিন বয়সী মুরগির বাচ্চা তোলা হয়েছে এবং উৎপাদন কার্যক্রম শুরুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর প্রতিবাদে বুধবার (১০ জুন) সকালে মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষার স্বার্থে খামারটির কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখতে হবে। একইসঙ্গে কীভাবে বন্ধ থাকা একটি খামার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলো, তা তদন্তেরও দাবি জানান তারা।
অন্যদিকে খামার মালিক মো. রায়হান আলী স্বর্ণকার জানান, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে তিনি খামারটি গড়ে তুলেছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খামারটি চালুর উদ্যোগ নিয়েছেন।
পরিবেশগত ঝুঁকি ও জনস্বার্থের প্রশ্নে এলাকাবাসীর উদ্বেগ কতটা যৌক্তিক আর খামারটি পুনরায় চালুর ক্ষেত্রে আইনগত প্রক্রিয়ায় কতটা অনশন করা হয়েছে সেসব প্রশ্নের উত্তর খুঁজছে স্থানীয়রা।
রিপোর্টার্স২৪/ধ্রুব