স্টাফ রিপোর্টার: প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
সংসদে প্রশ্নকারী সদস্য আবুল কালাম জানতে চান, সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা বিষয়ে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো কী কী।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত, বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সেবা প্রদান ব্যবস্থাকে আরও সময়োপযোগী, দক্ষ ও ডিজিটাল করতে হবে।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং বলেন, সরকারি সেবা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি প্রয়োজন।
রিপোর্টার্স২৪/এসসি