ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মেসিহীন আর্জেন্টিনার জিতেছে, এদিকে অপর এক ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিশরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল। আগের ম্যাচেই তারা দুর্বল পানামাকে উড়িয়ে দেয় ৬-২ গোলে। তুলনায় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভিনিসিয়াসরা জিতলেন ২-১ গোলে। ব্রাজিলের হয়ে দু'টি গোল করেন ব্রুনো গুমারেস ও এনড্রিক। তবে জয়ের ম্যাচে ব্রাজিলের চিন্তার কারণ হয়ে দাঁড়াল রাইটব্যাক ওয়েসলির চোট। ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলেই বাঁ কুঁচকির ব্যথার কারণে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ম্যাচের পর সাইডলাইনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। যা পরিস্থিতি তাতে বিশ্বকাপে তাঁকে আদৌ পাওয়া যাবে কিনা সংশয় রয়েছে। ম্যাচের শেষে কোচ কার্লো আন্সেলোত্তি ওয়েসলিকে সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তাঁর ঘোষণা, দরকারে পরিবর্ত প্রস্তুত আছে।
অন্যদিকে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ আবার মোহনবাগানের প্রাক্তন হেডস্যর জোসে মোলিনা। এদিন ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ স্কালোনিকে আলিঙ্গনও করেন মোলিনা।
তাঁর দলের বিরুদ্ধে মেসিবিহীন আর্জেন্টিনা জিতল ২-০ গোলে। পুরোপুরি ফিট না হওয়ায় অধিনায়ক মেসি এই ম্যাচে নামেননি। তবে জিততে বিশেষ সমস্যা হয়নি আর্জেন্টিনারে। ম্যাচের ৩৭ মিনিটে নিকোলাস তালিয়াফিকো বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লওটারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন জুলিয়ানো সিমিওনে।
এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালও। শক্তিশালী চিলির বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে পর্তুগিজরা। পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো গুয়েদেস এবং ব্রুনো ফার্নান্ডেজ। সব মিলিয়ে বিশ্বকাপের ৩ দাবিদারই শেষ প্রস্তুতি ম্যাচ জিতল।