নোয়াখালী প্রতিনিধি: বিয়ের মাত্র চার দিন পর বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬জুন) ভোরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চরএলাহী বাজার থেকে প্রজেক্ট এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ে করেন সাইমুন ইসলাম। বিয়ের পর স্ত্রীকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি। শুক্রবার রাতে বন্ধু রিপাতকে বাড়ি পৌঁছে দিতে একই মোটরসাইকেলে রওনা দেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে সাইমুন ও রিপাত গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক সাইমুনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে শনিবার ভোরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আহত রিপাত বর্তমানে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে একজন নিহত হয়েছেন এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/মিতু