জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে রেলে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটের জামালপুর রেলওয়ে থানাধীন দেওয়ানগঞ্জ সুগার মিল সংলগ্ন (গাবতলী) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, সকালে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে উঠার সময হাত ফসকে পড়ে যায়। এতে ট্রেনে কাটাপড়ে মনোয়ার হোসেন (২৭) নামে ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়া গ্রামের মো. দুদু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্বজনরা জানান, মনোয়ার ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতো। আজ সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল তার।
জামালপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম এই বিষয়ে নিশ্চিত করে বলেন, ওই যুবক গার্মেন্টসের শ্রমিক। গাবতলী এলাকায় চলন্ত ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু