রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ, চাকরি, শিক্ষাসহায়তা এবং আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এ ঘোষণা দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাবা-মা, ভাই-বোন ও সন্তানরা যতদিন জীবিত থাকবেন, ততদিন আদ্-দ্বীন হাসপাতাল এবং এর অধীনস্থ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসাসেবা বিনামূল্যে পাবেন।
এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদ্-দ্বীন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা অর্জন করলে এবং সংশ্লিষ্ট একাডেমিক শর্ত পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবেন। তবে মেডিকেল কলেজ বা ব্যয়বহুল পেশাগত শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি, টিউশন ফি মওকুফ অথবা আর্থিক সহায়তার বিষয়টি পৃথকভাবে বিবেচনা করা হবে বলে জানানো হয়।
অ্যাডভোকেট শিশির মনির আরও জানান, ভুক্তভোগী পরিবারের যোগ্য ও আগ্রহী সদস্যদের হাসপাতালের উপযুক্ত পদে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সম্মানজনক ক্ষতিপূরণের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
রিপোর্টার্স২৪/ঝুম