স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। সে ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, মহসিন মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনির বাসিন্দা। তার বাবা নূর আল আমিন বলেন, শুক্রবার জুমার নামাজ পড়তে বের হওয়ার পর থেকে ছেলে আর বাসায় ফেরেনি। পরে বিকেল চারটার দিকে স্কুলমাঠে বসে থাকার সময় ১০-১২ জন যুবক তাকে মারধর করে এবং একপর্যায়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হামলার কারণ বা জড়িতদের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।