প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 15-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ প্রধানমন্ত্রীর কাছে ইপিজেডসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়নের দাবি চাঁদপুরবাসীর
চাঁদপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে আসবেন। এই দিন তিনি দুটি খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
তার এই সফরকালে চাঁদপুরবাসীর পক্ষে জেলায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, মেঘনা পাড়ের ৬০ কিলোমিটারে স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল এবং চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।
প্রেস ব্রিফিংয়ে শেখ ফরিদ আহমদ মানিক বলেন, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি করে দেবেন। এটি বাস্তবায়ন হলে জেলার কমপক্ষে দেড় লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।
তিনি বলেন, কিছু ফ্যাসিবাদী লোক অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলছি, অর্থনৈতিক জোন অনুমোদিত। এটির কাজ চলমান থাকবে। পাশাপাশি ইপিজেড স্থাপন করাও আমাদের দাবি।
এই নেতা বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আসবেন—এতে জেলার জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য শোনার জন্য। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। গণমাধ্যমে প্রচার হলে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
মানিক বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী তিনি প্রথমে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় দুপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বেলা পৌনে ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সর্বশেষ বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর ক্লাবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এসময় চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।