রিপোর্টার্স ডেস্ক: বগুড়ায় স্ত্রী পরকীয়ার পর অন্যত্র বিয়ে করায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) স্ট্যাটাস দিয়ে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টির নিরঞ্জন গোয়ালার একমাত্র ছেলে। তিনি দেশে ভোগ্যপণ্য বিভিন্ন ডালের আমদানিকারক ছিলেন।
জানা গেছে, রাহুল যাদবের স্ত্রী পরকীয়ার পর কয়েক মাস আগে আট বছরের মেয়েকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল যাদব। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজেকে শেষ করে দেওয়ার কথা উল্লেখ করে স্ট্যাটাস দেন রাহুল যাদব।
এরপর বেলা ২টার দিকে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ হয় পড়েন। বেলা ৩টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান রাহুল যাদব।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু