রিপোর্টার্স২৪ ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুরের বোর্ডবাজার এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইউনিক ওয়াশ ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দিনভর আন্দোলনের পর রাতের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা গেছে, সকাল থেকেই ইউনিক ওয়াশ ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। দিনের বেলায় পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও রাত সাড়ে ১০টার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ফ্যাক্টরির বাইরে অবস্থানরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে অভিযোগ উঠেছে, ফ্যাক্টরির ভেতরে থাকা কিছু শ্রমিক মালিকপক্ষের কর্মকর্তাসহ শ্রীলঙ্কান বিদেশি ক্রেতাদের আটকে রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার পাশাপাশি আটকে পড়াদের মুক্ত করার আহ্বান জানায়। তবে অভিযোগ রয়েছে, শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
এছাড়া ফ্যাক্টরির ছাদ থেকে পুলিশের ওপর পানি নিক্ষেপ করা হয় বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। পাশাপাশি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Ahiduzzaman-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম