রিপোর্টার্স২৪ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং আরও চারটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, অবরোধ কার্যক্রমের সহায়তায় আরব সাগরে চলাচলের সময় গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রাক্সটুনে একটি এমএইচ-৬০ সিহক হেলিকপ্টার অবতরণ করেছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ১৩ মে রাত থেকে হরমুজ প্রণালি দিয়ে ৩০টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ‘শত্রুপক্ষের জাহাজের’ ওপর বিধিনিষেধ বহাল রয়েছে।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজ জব্দ করে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৭ ডলার কমে ১০৪ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ১ দশমিক ১৮ ডলার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এর জবাবে ইরানি বন্দর লক্ষ্য করে নৌ অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধকে ‘বোমা হামলার চেয়েও কার্যকর’ বলে মন্তব্য করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি