বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গভীর রাতে ক্লপসিবল গেটের তালা ভেঙে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গৃহকর্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে উপজেলার ছোট কাচনা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহকর্ত্রী মুক্তা (৪২)-কে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কাচনা গ্রামের দুবাই প্রবাসী রাসেল ফকিরের দালানঘরের ক্লপসিবল গেটের তালা ভেঙে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতরে তছনছ চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় বাধা দিলে গৃহকর্ত্রী মুক্তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা জানান, মুক্তার মাথায় অন্তত তিনটি এবং ডান হাতে দুটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানান।
ডাকাতির সময় চিৎকার-চেঁচামেচি শুনে পাশের বাড়ির আল মামুন পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বের হতে গেলে দেখেন, তার ঘরের বাইরের দরজায় তালা লাগিয়ে দিয়েছে ডাকাতরা, যাতে কেউ বের হয়ে প্রতিরোধ করতে না পারে।
এদিকে, ঘটনার একদিন আগে উপজেলার কাহালপুর গ্রামে এক রাতে ছয়টি মাছের ঘের থেকে মাছ চুরির ঘটনাও ঘটে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি