স্টাফ রির্পোটার : তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ইয়াবা এবং নগদ প্রায় ৭০ হাজার টাকা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, পুলিশ-র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘ দিন ধরে জাহিদুল ইসলামের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছিল। কারওয়ান বাজারে বিএনপি নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে প্রাথমিকভাবে জাহিদুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র ও মাদক জব্দের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে, চলতি মাসে রাজধানীতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত ১৭৮ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য এবং মাদক কারবারিসহ মোট ১ হাজার ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/ফয়সাল