রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন এই মূল্য ঘোষণা করেন।
সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চামড়া সংরক্ষণে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী বলেন, কুরবানির পর যাতে চামড়া নষ্ট না হয়, সেজন্য সরকারি অর্থায়নে দেশজুড়ে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে।
তিনি জানান, এ উদ্দেশ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এই লবণ সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো লবণ সরবরাহ ও চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া সংরক্ষণ সহজ হবে এবং পাচারও কমবে। এতে দেশের চামড়া শিল্প ও জাতীয় অর্থনীতি উপকৃত হবে।
প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে চামড়া ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।
রিপোর্টার্স২৪/ঝুম