মানিকগঞ্জ প্রতিনিধি: নকল মোড়ক ব্যবহার, অনুমোদন ছাড়া ডিজেল বিক্রি ও ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো সদর উপজেলার আটিগ্রাম এলাকার শেখ ফুড প্রোডাক্টস, সালাম ট্রেডার্স এবং কাটিগ্রাম এলাকার জারিফা ফিলিং স্টেশন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, আটিগ্রাম এলাকায় শেখ ফুড প্রোডাক্টস নামের একটি আইসক্রিম কারখানায় নকল মোড়ক ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে আটিগ্রাম বাজারে অনুমোদন ছাড়া ডিজেল বিক্রির দায়ে সালাম ট্রেডার্সের মালিক আবদুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কাটিগ্রাম এলাকার জারিফা ফিলিং স্টেশনে ৫ লিটার তেলের মাপে কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু