রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩৪১ জন। আর ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৮ জন। চলতি সময়ের মধ্যে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩১ হাজার ৯৯২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
রিপোর্টার্স২৪/ঝুম